Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নারায়ণগঞ্জে একযোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু - দৈনিক স্বাধীন সংবাদ

নারায়ণগঞ্জে একযোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে শুরু হয়েছে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) জেলার সকল উপজেলায় একযোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই তিন মাসব্যাপী অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ জেলার সকল স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীসমাজ সরাসরি অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অফিস-আদালত ও জনাকীর্ণ এলাকায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয় এবং নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সর্বসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সড়ক চাষাড়া থেকে লিংক রোড পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি বিশেষভাবে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিকের প্রতি জোর আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *