নারায়ণগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৩নং ওয়ার্ডের মাসদাইর বাজারে অবস্থিত এক ঝুঁকিপূর্ণ ভবনের গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে। ১২৩/১ শহিদ সাব্বির আলম খন্দকার সড়কে অবস্থিত এই ভবনটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তদন্তকারী টিমের সরেজমিন পরিদর্শনে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়।

তদন্তের রিপোর্টে বলা হয়, ভবনটি যেকোনো মুহূর্তে ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনা ও জানমালের ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ২১ নভেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জে সংঘটিত শক্তিশালী ভূমিকম্প ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থাকে আরও তীব্র করেছে।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর তৃতীয় তফসিলের ১৭.১ ও ১৭.২ ধারা অনুযায়ী ঝুঁকিপূর্ণ ভবনের পরিষেবা বিচ্ছিন্নকরণের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই প্রেক্ষিতে ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে তিতাস কর্তৃক গ্যাস সংযোগ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগ কর্তৃক পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সিটি কর্পোরেশন জানিয়েছে, ভবিষ্যতে নগরীর সব ঝুঁকিপূর্ণ ভবনের পরিষেবা সংযোগ ধাপে ধাপে বিচ্ছিন্ন করা হবে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সিটি কর্পোরেশন সকলকে ওই ভবন বা অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে যাওয়া ও সেখানে অবস্থান না করার জন্য সতর্ক করেছে।

স্থানীয় প্রশাসন আরও জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভবন ব্যবহারের ক্ষেত্রে অজুহাত বা অবহেলা দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায়। তাই বাড়ির মালিক ও ভাড়াটেদের দায়িত্বশীল আচরণ এবং নিরাপদ ব্যবহারে প্রতিনিয়ত সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *