সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দেওয়ায় এনসিপির নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করেন হাতেমের অনুসারীরা।
মঙ্গলবার (৩ মার্চ) ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ইফতার মাহফিলে অতিথি হিসেবে আমন্ত্রণ পান এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।
অনুষ্ঠানস্থলে পৌঁছে মোহাম্মদ হাতেমকে দেখতে পেয়ে এমপি আল আমিন মঞ্চে না বসে কিছুটা দূরে অবস্থান নেন। পরে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসবো না।” তার এ বক্তব্যকে কেন্দ্র করেই অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত মোহাম্মদ হাতেম মঞ্চ ত্যাগ করেন। এর পরপরই তার অনুসারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এমপি আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।
পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।
তবে ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।