নিয়োগপত্র না পেয়ে যশোরে ১০৬ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অবস্থান

যশোর প্রতিনিধি:

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১০৬ জন প্রার্থী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এতে অংশ নেন।

আন্দোলনকারীদের দাবি, যশোর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মোট ২৯০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ১৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও বাকি ১০৬ জন এখনো নিয়োগপত্র পাননি।

প্রার্থীদের অভিযোগ, বিভিন্ন কারণে তাদের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে। তাদের দাবি, অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক কারণে তারা নিয়োগ থেকে বাদ পড়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আন্দোলনকারীরা জানান, বিষয়টি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় বিষয়টি উত্থাপনের কথা জানিয়েছেন।

প্রার্থীরা বলেন, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত বিষয়টির সমাধান করে তাদের নিয়োগপত্র দেওয়ার দাবি জানান তারা।

নিয়োগের বিষয়টি সমাধান না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান আন্দোলনকারীরা। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হবেন। সেখানে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়োগপ্রক্রিয়ায় বৈষম্য ও ভেরিফিকেশন-সংক্রান্ত অভিযোগ নিয়ে প্রতিবাদ কর্মসূচির খবরও পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *