নিরাপত্তায় গাড়ি রাখার নতুন নির্দেশনা, সড়কে পার্কিং বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এ বিষয়ে জরুরি নির্দেশনা দেন। একই সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত ক্ষতি, ভাঙচুরসহ যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

জরুরি নির্দেশনায় বলা হয়, দৈনিক চলাচল শেষে কোনো ধরনের যানবাহন রাস্তার দুই পাশে, অনিরাপদ কিংবা নির্জন স্থানে রাখা যাবে না। দিনের কার্যক্রম শেষে সব যানবাহন নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে রাখতে হবে। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমের নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্তরের পরিবহন মালিক ও শ্রমিকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যানবাহন কোথায় রাখা হচ্ছে, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, পরিবহন খাতের যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে। দৈনিক চলাচল শেষে নির্ধারিত নিরাপদ স্থানে যানবাহন রাখার নির্দেশনা যথাযথভাবে কার্যকর করার জন্য মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি আশা করছে, সংশ্লিষ্ট সবাই নির্দেশনা মেনে চললে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *