নিহত জাহিদ উদ্দীনের মৃত্যু নিয়ে প্রশাসনের সন্দেহজনক আচরণ ও প্রকৃত ঘটনা আড়ালের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার

চট্টগ্রাম ব্যুরো:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাহমুদনগর মুন্সি বাড়ি এলাকার বাসিন্দা মো. সজীব তার ছোট ভাই মো. জাহিদ উদ্দীনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার ভাই জাহিদ উদ্দীন (২০) চট্টগ্রামের হালিশহরের বরনিঘাটা এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় প্রায় তিন বছর ধরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দাবি করেন, কর্মস্থলে প্রতিষ্ঠানটির মালিক সেনাবাহিনীর সিপাহী মো. মেহেদীর দ্বারা জাহিদ বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৫ জুন হালিশহর থানা থেকে তাদের জানানো হয় যে, জাহিদ কারখানার ভেতরে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা অভিযোগ করেন, ঘটনার সময় কারখানার প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং সিসিটিভি ক্যামেরা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, ঘটনাটি আত্মহত্যা হিসেবে দ্রুত উপস্থাপন করা হয়েছে। এ ঘটনায় হালিশহর থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে উল্টো তাদের নানাভাবে হয়রানি করে।

জাহিদের পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *