নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তির ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহআলী থানাধীন ব্লক ডি-এর ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, কলটি গ্রহণ করেন কলটেকার মো. সাহেল খান। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় ও তদারক করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই মো. মাসুম বিল্লাহ।
৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর শাহআলী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী কন্যাশিশুটিকে জীবিত উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারের পর শিশুটিকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটিকে ভর্তি করা হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কর্মকর্তা আনোয়ার সাত্তার আরও জানান, শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নবজাতক শিশুটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।