পল্লবী থানার অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ সোহেল রানা:

রাজধানীর মিরপুরের পল্লবী থানা পুলিশের বিশেষ অভিযানে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসিরের নির্দেশনায় এসআই (নিঃ) মো. সাচ্চু বিশ্বাসের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এএসআই (নিঃ) রাকিব হাওলাদার, এএসআই (নিঃ) রেজাউল করিম, কনস্টেবল মো. রুহুল আমিন ও মো. আবু রায়হানসহ ডিএমপির অন্যান্য সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন— (১) মো. ইমরান ওরফে কাল্লু (২৬), পিতা: মৃত মুক্তার হোসেন, সেকশন-১১, ব্লক-ডি, রোড-২৭, বাসা-১৪, পল্লবী, ঢাকা এবং (২) মো. চাঁন (২০), পিতা: মো. আজাদ, মাতা: মোসা. ইয়াসমিন, রামগড় ক্যাম্প, সেকশন-১১, ব্লক-ডি, পল্লবী, ঢাকা। পুলিশ জানায়, শনিবার (২০ জুন ২০২৬) রাত ১০টা ৫ মিনিটে কালশী মোড়ে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সেকশন-১১-এর ব্লক-ডি, রোড-২৭-এর একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে দুই ব্যক্তি মাদক বিক্রি করছে।

সংবাদের সত্যতা যাচাই করে রাত ১০টা ২০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে দুই আসামি পালানোর চেষ্টা করলে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে ১ নম্বর আসামি ইমরান ওরফে কাল্লুর কাছ থেকে ৯০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৮৪ হাজার ২৫০ টাকা এবং একটি Redmi 10A মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর আসামি মো. চাঁনের কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আলামতের মধ্যে ছিল মোট ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা এবং ১০০ গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। জব্দ করা সব আলামত ডিজিটাল নিক্তিতে ওজন করে জব্দ তালিকাভুক্ত করা হয়। পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় তল্লাশি ও জব্দ কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় পল্লবী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ও ০৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। থানার জিডি নম্বর-১৬৩৮, তারিখ: ২০ জুন ২০২৬। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির বলেন, “মাদকের বিরুদ্ধে পল্লবী থানার অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *