স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ ডিসি রায়হান কবিরের

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সচেতন, দায়িত্বশীল ও তদারকিমূলক ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আ. ফ. ম. মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট হেলাল উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, খাদ্য, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, ডেপুটি জেলারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক বলেন, “আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সচেতনভাবে পালন করতে হবে। বরাদ্দকৃত অর্থ ও জনবল সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং নিয়মিত নজরদারি করতে হবে। প্রত্যেক কর্মকর্তাকে নিজ দপ্তরের সার্বিক কার্যক্রম তদারকি করতে হবে, যাতে কোনোভাবেই দপ্তরের ভুল-ত্রুটি বাইরে থেকে চিহ্নিত হওয়ার সুযোগ না থাকে।”

সভায় তিনি পঞ্চবটী-শিমরাইল-পাগলা সড়কটি ঢাকা সড়ক ও জনপথ বিভাগ থেকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানান। এতে জেলার সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর “পাঁচ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জেলার সব সরকারি দপ্তরের আঙিনা ও ছাদে বৃক্ষের চারা রোপণের নির্দেশ দেন জেলা প্রশাসক। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, রাজস্ব আদায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা ও কৃষি কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *