মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার জিমখানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর সার্বিক দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান-এর প্রত্যক্ষ নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় থানা পুলিশের একটি দল জিমখানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত তমাল আহমেদ নিপু (৪০)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তমাল আহমেদ নিপুর পিতা মৃত জালাল উদ্দিন এবং মাতা নাছিমা বেগম। তিনি নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার ২৩২/১ শাহসুজা রোডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের হওয়া এফআইআর নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬-এর একটি মামলার আসামি। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশের দাবি।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তথ্য যাচাইয়ে দেখা গেছে, গ্রেপ্তারকৃত তমাল আহমেদ নিপুর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, নাশকতা, মাদক এবং অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অপরাধী বা আইনশৃঙ্খলা বিনষ্টকারীকে ছাড় দেওয়া হবে না বলেও পুলিশ জানিয়েছে।