Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নিলেন ৩৫ মন্ত্রী - দৈনিক স্বাধীন সংবাদ

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নিলেন ৩৫ মন্ত্রী

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক: 

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার (১ জুন) ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। রাজধানীর লোকভবনে বেলা ১১টায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর. এন. রবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডুসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এছাড়া বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ রাহুল সিনহা, মুখ্য সচিব মনোজ আগারওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

জাতীয় গান ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নবনির্বাচিত বিধায়করা পর্যায়ক্রমে মন্ত্রী হিসেবে শপথ নেন।

নতুন মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং ১৯ জন রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ শেষে প্রত্যেক মন্ত্রী সাইনিং ডেস্কে গিয়ে আনুষ্ঠানিক স্বাক্ষর করেন।

শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন তাপস রায়, অর্জুন সিং, শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, ডা. স্বারদত মুখার্জি, ডা. ইন্দ্রনীল খাঁ ও অশোক দিন্দা।

অনুষ্ঠানে মন্ত্রীদের পোশাকেও ছিল বাঙালিয়ানার ছাপ। অধিকাংশ মন্ত্রী ধুতি-পাঞ্জাবি পরে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন।

শপথগ্রহণের পর নবান্নে নতুন মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওই বৈঠকে দফতর বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

সরকারি সূত্রে জানা যায়, ভৌগোলিক অঞ্চল ও বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি অভিজ্ঞ ও নতুন মুখের মধ্যে ভারসাম্য রেখে মন্ত্রিসভা গঠন করা হয়েছে।

মন্ত্রিসভা সম্প্রসারণের ফলে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। ২৯৪ সদস্যবিশিষ্ট বিধানসভায় সাংবিধানিক বিধান অনুযায়ী সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব। ফলে ভবিষ্যতে আরও তিনজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। পরে ১১ মে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে তাদের দফতর বণ্টন করা হয়।

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসনে জয় লাভ করে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পায় ৮০টি আসন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিজেপি সরকার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *