লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ঘুন্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ফাতুল ইসলাম (৩৫) ও মোস্তাকিম হোসেন (১৮) এবং ইসলামপুর এলাকার নুর আমীন (৩০)। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেন (১৬) মারা যায়। সে বুড়িমারী আমানতুল্লাহ প্রধান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
আহতরা হলেন ঘুন্টিবাজারের জফর উদ্দিন (৬০) ও বাদশা মিয়া (৫৫), উফারমারা এলাকার মিশন ইসলাম (২০) ও সাইফুল ইসলাম (৩২), ইসলামপুরের আইনুল হক (৬৫) এবং বুড়িমারীর দিপু ইসলাম (৩০)। তাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে লালমনিরহাট থেকে ১০ চাকার একটি খালি ট্রাক বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। ঘুন্টিবাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির বাম পাশের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকটিকে চাপা দেন। পরে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে গিয়ে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত আনোয়ার হোসেনকে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় কালুয়া মিয়া ও আলমগীর হোসেনসহ তিন ব্যবসায়ীর মুদি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।