পূবাইলে রিসোর্টে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর: কোকেন-এক্সটাসিসহ গ্রেপ্তার ৪

খসরু মৃধা:

গাজীপুর মহানগরের পূবাইলে একটি কটেজভিত্তিক রিসোর্টে ডিজে পার্টির আড়ালে মাদক সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিনথেটিক মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পূবাইলের ভাদুন এলাকায় অবস্থিত ‘পূবাইল রিসোর্ট ক্লাবে’ এই অভিযান চালানো হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন ইউনিটের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে রিসোর্টের ‘টিউবরোজ-১’, ‘টিউবরোজ-২’ এবং ‘গোমতী-১’ নামের কটেজগুলো থেকে ১ গ্রাম কোকেন, ২১ পিস এমডিএমএ (এক্সটাসি), ২৪ গ্রাম কুশ, ৩.৭৫ লিটার বিদেশি মদ ও ২০ গ্রাম টিএইচসি-যুক্ত গামিসসহ একাধিক স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), ধানমন্ডি; তুষার আহমেদ নিশু (৩২), উত্তরা; মহিদুল ইসলাম রাহাত (২৮), উত্তরা পূর্ব আজমপুর; এবং কাসফিয়া নিশাত (২৫), উত্তরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী, ‘সনিক প্লাস’ নামের ব্যানার ব্যবহার করে স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই এই ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টিতে অংশ নেওয়া তরুণ-তরুণীদের মধ্যে মাদক বিক্রির উদ্দেশ্য ছিল আয়োজকদের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলার উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, রিসোর্টগুলোতে মাদকবিরোধী তদারকি জোরদার করা হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জিএমপির পূবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *