আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি একটি জাতীয় দায়িত্ব এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠক শেষে কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এসব তথ্য জানান।
রিজিজু বলেন, প্রধানমন্ত্রী একটি স্বচ্ছ, নির্ভুল ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী এনডিএ জোটের শরিকদের আইন প্রণয়নের কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিরোধী দলগুলোর প্রতিও সংসদে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। মোদির ভাষায়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ এবং যুবসমাজের কল্যাণে কাজ করা সব সংসদ সদস্যের যৌথ দায়িত্ব।
সম্প্রতি নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর এ বক্তব্য এসেছে। এর একদিন আগেই ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে রাজধানী নয়াদিল্লিতে শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে।
এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের পর গড়ে ওঠা ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’-এর নেতৃত্বে শিক্ষার্থীরা নিট প্রশ্নপত্র ফাঁস, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
কিরেন রিজিজু বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্থা নিয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকার দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করেছে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, বিক্ষোভ এবং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে।
সূত্র: এনডিটিভি