ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে রিতু আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় রিতু আক্তারকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, রিতু আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী জাহাঙ্গীর আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন। তবে পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে রোববার (৯ আগস্ট) ভোরে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রিতু আক্তারের বাবার বাড়ি ঢাকায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।