মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (৫ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি ৭ তলা ভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮)। তিনি ফতুল্লা থানার ভূইঘর সরদার বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. বদিউল আলম এবং মায়ের নাম শাহানারা বেগম।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আশীষ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার কাছ থেকে ১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ক্রিমিনাল প্রোফাইল (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।