আন্তর্জাতিক ডেস্ক ::
ফিলিপাইনের পর্যটন হটস্পট পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে ভয়াবহ আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে।
ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, ‘এম/ভি জুন অ্যাস্টার’ নামের ফেরিটিতে আগুন লাগার সময় সেটি সমুদ্রতীর থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে ছিল। ফেরিটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৩৪ জন ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেরিটিতে আগুন লাগার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান শিখায় পুরো ফেরিটি প্রায় গ্রাস হয়ে গেছে।
কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবায়াব এএফপিকে বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। সেখান থেকে ৪২ জনকে জীবিত এবং পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও ৮৭ জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া ৪২ জনের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ফেরিটির ক্রু সদস্য বলে জানান নোয়েমি। তিনি বলেন, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে অনেক যাত্রী সাগরে ঝাঁপ দেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
ফেরিটিতে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে নোয়েমি কায়াবায়াব বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে এখনও বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি। তাদের সঙ্গে কথা বলার পর আগুন লাগার কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।
বাণিজ্যিক জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ফেরিটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে পালাওয়ানের উদ্দেশে যাত্রা করেছিল।
সূত্র: এএফপি