বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রধিতিনি:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়কের আমবাগ এলাকায় এ বিক্ষোভ চলে। একপর্যায়ে শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে দেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটির শ্রমিকদের গত আগস্ট ও চলতি সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করা হয়নি। পরে একাধিকবার সময় দেওয়া হলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করতে পারেনি। এর মধ্যে বেতন পরিশোধ না করেই কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সোমবার সকাল ৯টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। পরে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানার শ্রমিক আতাউর রহমান বলেন, নির্ধারিত সময় পার হয়ে গেলেও তাঁদের বেতন দেওয়া হয়নি। কারখানাটিও বন্ধ রয়েছে। এতে পরিবার নিয়ে তাঁরা সমস্যায় পড়েছেন। তাঁর মতো ৪০০ থেকে ৫০০ শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কারখানা সূত্রে জানা গেছে, হানিওয়েল গার্মেন্টস লিমিটেডে প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক কাজ করেন। গত ১০ সেপ্টেম্বর আগস্ট মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ করতে পারেনি। পরে বেতন পরিশোধে ব্যর্থ হয়ে কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের মালিক আনোয়ার হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *