বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে এখন আর চোখে পড়ে না ঠান্ডা পানি খাওয়ার টিউবওয়েল। গ্রামবাংলার পানি খাওয়ার টিউবওয়েল একসময় ছিল প্রাণ জুড়ানো ঠান্ডা পানি পান করার অন্যতম ভরসা। ইলেকট্রনিক যুগের কারণে এখন আর গ্রামগঞ্জে তেমন দেখা যায় না টিউবওয়েল। বিগত ১০ বছর আগেও প্রায় প্রতিটি গৃহস্থের বাড়িতে ছিল পানি খাওয়ার এই টিউবওয়েল। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থাপন হয়েছে ইলেকট্রিক পানির পাম্প বা মোটর।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফয়দাবাজ গ্রামের মুনছুর আলী (সাইন)-এর বাড়ির খলিয়ানে এখনো একটি টিউবওয়েল স্থাপন করা রয়েছে। তিনি বলেন, “আমার বাপ-দাদার আমল থেকেই এই টিউবওয়েলের পানি খেয়ে আসছি। কিন্তু প্রতিটি বাড়িতে ইলেকট্রিক মোটর স্থাপন হওয়ায় হারিয়ে যাচ্ছে টিউবওয়েল। বিগত ৮-১০ বছর আগেও টিউবওয়েলের অনেক কদর ছিল। আমি আমার খলিয়ানে টিউবওয়েল বসিয়ে রেখেছি মাঠে কাজ করা লোকজন ও রাস্তার পথচারীদের সুবিধার জন্য। কারণ প্রতিটি বাড়িতে পানির পাম্প বা মোটর বসানো হয়েছে। সেখান থেকে সবাই খাবার পানি নিতে পারে না। সে কারণে খলিয়ানে টিউবওয়েল বসিয়ে রেখেছি।”
