মোঃআনজার শাহ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম আজ শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর বনানী, গুলশান ও বাড্ডা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পার্ক, মাঠ ও কোয়ার্টারসমূহের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আজকের পরিদর্শনে যেসব স্থান অন্তর্ভুক্ত ছিল সেগুলো হলো — বনানী মাঠ, বনানী কোয়ার্টার, বনানী ৬ নম্বর রোড পার্ক, বনানী ব্লক-সি পার্ক, সোয়াট মাঠ (ডি ব্লক, বনানী), বৈশাখী পার্ক (এফ ব্লক), চেয়ারম্যান বাড়ি মাঠ, বনানী লেক রোড-১, গুলশান-২ এর ৫০ নম্বর রোড, গুলশান কেন্দ্রীয় মসজিদ (আজাদ মসজিদ) এবং বাড্ডা কোয়ার্টার।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগসহকারে শোনেন। এ সময় তিনি পার্ক ও মাঠগুলোর সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে এবং কোয়ার্টারগুলোর রক্ষণাবেক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
গুলশান কেন্দ্রীয় মসজিদ পরিদর্শনকালে তিনি মসজিদের বিভিন্ন স্থাপনা ও নকশা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অন্যান্য স্থানে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা দ্রুত অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দিকনির্দেশনা দেন।
এই পরিদর্শনে রাজউক চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন সদস্য (এস্টেট ও ভূমি), সদস্য (উন্নয়ন), প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন), প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন), প্রধান নগর পরিকল্পনাবিদসহ রাজউকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, রাজধানীর পার্ক, মাঠ ও সরকারি স্থাপনা রক্ষায় রাজউক সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে। চেয়ারম্যানের এই মাঠ পর্যায়ের পরিদর্শন রাজউকের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।