সাংবাদিক জি. কে. রাসেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বন্দরে গণমাধ্যমকর্মীদের বিশাল মানববন্ধন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক জি. কে. রাসেলের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে বন্দর এলাকায় গণমাধ্যমকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

শনিবার (০৯ মে) সকালে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় বন্দর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জি. কে. রাসেল দীর্ঘদিন ধরে সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার জনপ্রিয়তা ও দায়িত্বশীল সাংবাদিকতার কারণে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি হিসেবে আখ্যা দেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমাজ ও প্রশাসনের সামনে হেয় করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এস. এম. আবদুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তাদের মধ্যে ছিলেন— নাবিলা শারমিন (সভাপতি, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব), জিহাদ হোসেন (সাধারণ সম্পাদক, সদর উপজেলা প্রেসক্লাব ও জেলা প্রতিনিধি, সিএনএন বাংলা টিভি), নুর এ আজাদ (সাংগঠনিক সম্পাদক, বিএমএসএফ), শেখ আরিফ (সিনিয়র সাংবাদিক ও বন্দর উপজেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ চর্চা), আবুল বাশার সাইফুল (সহ-সভাপতি, বিএমএসএফ বন্দর শাখা), মারুফ আলম (সদর উপজেলা প্রেসক্লাব ও মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক গণকণ্ঠ) প্রমুখ।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মানববন্ধন চলাকালে বক্তারা সাংবাদিক জি. কে. রাসেলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করা হয়। এ সময় বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবদুল লতিফ রানা, বিএমএসএফ বন্দর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মান্নান খান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *