মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয় এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাজিব হোসেন তালুকদার। তাঁর সঙ্গে থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন দত্তবাড়ী এলাকার বউবাজার ১ নম্বর গলিতে জনৈক আনোয়ারের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আনোয়ার হোসেন (৪৮), মৃত সৈয়দ আহম্মেদের ছেলে। তিনি দত্তবাড়ী বউবাজার শাহী মসজিদ এলাকার বাসিন্দা। অপরজন মো. সিরাজ (৩৫), জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। তাঁর স্থায়ী বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলাইকাটি (হাওলাদার বাড়ি) এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন পুরান বন্দর ঝাউতলা এলাকায় ভাড়ায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫ (পাঁচ) গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১৭ এবং মামলাটি ৮ জুলাই ২০২৬ তারিখে রুজু করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক কারবার, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।