স্টাফ রিপোর্টার:
বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় একটি বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দস্যুতার চেষ্টাকালে অভিষেক সোম অভি (৩০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধারালো অস্ত্র ও দস্যুতার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর (শনিবার) রাত আনুমানিক ৭টার দিকে কাউনিয়া ফার্স্ট লেনের ‘জসীম কুটির’ নামের ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় প্রবেশ করে অভিযুক্ত ব্যক্তি। সে কৌশলে ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুটপাটের চেষ্টা চালায়।
ঘটনার খবর পাওয়ামাত্রই কাউনিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ধারালো ছোরা, একটি চাকু, একটি সুইস গিয়ার, সার্জিক্যাল ব্লেড, মুখোশ, কস্টেপ ও পাঞ্জাসহ দস্যুতার কাজে ব্যবহৃত একাধিক আলামত উদ্ধার করা হয়। আটক অভিষেক সোম অভি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার পতিহার এলাকার লক্ষ্মণ সোমের ছেলে। বিএমপির কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, আটক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।