কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (৬ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে বহদ্দারহাট মসজিদের সামনে থেকে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুরপাড় পর্যন্ত সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এতে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, সড়ক ও ফুটপাত দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা দোকান পরিচালনার সুযোগ দেওয়া হবে না। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, উচ্ছেদের পর যাতে কেউ পুনরায় সড়ক বা ফুটপাত দখল করে দোকান বসাতে না পারে, সে বিষয়েও নজরদারি করা হবে। চসিক সূত্র জানায়, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসন, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত এবং নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।