স্পোর্টস ডেস্ক:
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নতুন মাইলফলক গড়েছেন ভারতের সহ-অধিনায়ক।
কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের তৃতীয় ওভারে ৮ রান করার পরই নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন মান্ধানা। এর আগে শুক্রবার জাপানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্যাট করেননি তিনি।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল মান্ধানার ক্যারিয়ারের ১৭৮তম টি-টোয়েন্টি। এই ম্যাচে নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলে নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠেন তিনি। মাত্র ১৭১ ইনিংসে এই কীর্তি গড়েছেন ৩০ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার।
এর আগে সুজি বেটস ১৭৮ ইনিংসে ৪ হাজার ৭৫৮ রান করে এই তালিকার শীর্ষে ছিলেন। মান্ধানা বাংলাদেশের বিপক্ষে ৮ রান করার পর তার মোট রান দাঁড়ায় ৪ হাজার ৭৫৯। পঞ্চাশোর্ধ্ব ইনিংসের হিসাবেও সবার ওপরে রয়েছেন তিনি। তার ক্যারিয়ারে রয়েছে দুটি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি।
নারী টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও মান্ধানার দখলে। একশ ছক্কার মাইলফলক থেকে তিনি এখন মাত্র দুই ছক্কা দূরে রয়েছেন।
এদিকে চলতি মাসের শুরুতেই নারী ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠেন মান্ধানা। দুবাইয়ে এশিয়া কাপ ২০২৬ চলাকালে ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজকে পেছনে ফেলেন তিনি।
ক্যারিয়ারের ৩০৩তম আন্তর্জাতিক ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মান্ধানা। মিতালি রাজের ১০ হাজার ৮৬৮ রানের রেকর্ড পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে নারী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতেও বিশ্বরেকর্ড গড়লেন এই ভারতীয় ব্যাটার।
নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছেন স্মৃতি মান্ধানা। ১৭১ ইনিংসে তার রান ৪ হাজার ৭৫৯, সর্বোচ্চ ১২৪, গড় ৩০.৬৫ এবং স্ট্রাইক রেট ১২৬.৫৫।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। ১৭৮ ইনিংসে তার রান ৪ হাজার ৭৫৮। তৃতীয় স্থানে ভারতের হরমনপ্রীত কৌর, ১৮৬ ইনিংসে তার রান ৪ হাজার ২৮৭। চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ১৬৯ ইনিংসে তার রান ৪ হাজার ২৮২। পঞ্চম স্থানে নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, ১৫৪ ইনিংসে তার রান ৩ হাজার ৮১৭।