বান্দরবানে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: রাজমিস্ত্রিকে লাথি-ঘুষি মেরে জখম

মোঃ শামীম হোসেন সিকদার:

বান্দরবান জেলা শহরের বালাঘাটা (১) নং ওয়ার্ডের ভরাখালী এলাকায় কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় এক রাজমিস্ত্রি ও এক কিশোর গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্দুল্লাহ (১৮) নামে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩/৪ দিন আগে কর্মস্থলে রড নিয়ে তুচ্ছ ঘটনার জেরে রাজমিস্ত্রি আহসান হাবীবের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। ১/৫/২৬ ইং তারিখ রাত ৭টা ৩০ মিনিটে কিশোর গ্যাং লিডার সাকিবের নেতৃত্বে ৫-৬ জনের একটি সশস্ত্র গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে আহসান হাবীবের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে আব্দুল্লাহ এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বেধড়ক মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আব্দুল্লাহর বাম পায়ের উরুতে সজোরে আঘাত করলে তার হাড় ভেঙে যায়।

আহত আহসান হাবীবকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও আব্দুল্লাহর জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রামে রেফার করেন। বর্তমানে সে চমেক-এ চিকিৎসাধীন রয়েছে। ভরাখালী ও আশপাশের এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। তুচ্ছ অজুহাতে সাধারণ মানুষের ওপর হামলা এখন নিত্যদিনের ঘটনা। স্থানীয় সচেতন মহল এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে মূল হোতা সাকিবসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাকিবের বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মামলা রয়েছে। এই হামলার ঘটনায় বান্দরবান সদর থানায় একটি নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপরতা শুরু করেছে। অপরাধীদের চিহ্নিত করে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। জন নিরাপত্তা রক্ষায় পুলিশের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *