বান্দরবানে পর্যটকবাহী জিপ খাদে, নিহত ২; আহত ৫

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে থানচির দুর্গম তিন্দু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতজনের একটি পর্যটক দল তিন্দু ও আশপাশের পর্যটন স্পট ঘুরে জিপযোগে থানচি সদরের দিকে ফিরছিলেন। ফেরার পথে তিন্দু সড়কের একটি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে জিপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয় এবং আরও পাঁচজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কাছাকাছি বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে আহতদের চকরিয়ায় নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে মো. জসিম (৩৭)।

আহতরা হলেন মতিউর রহমানের ছেলে মো. রাসেল (৩৮), বশির ড্রাইভারের ছেলে লিটন সিকদার (৩৭), মো. কামাল উদ্দিনের ছেলে লিটন ড্রাইভার (৪০), কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাদের হোসেন খলিফা কাদের (৪১) এবং মো. শাহজালাল হোসেন (৩৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, তিন্দু এলাকায় পর্যটকবাহী জিপ দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গম এলাকার কারণে ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহে সময় লাগছে।

এদিকে স্থানীয় সূত্রে দুর্ঘটনায় পাঁচজন আহত হওয়ার কথা জানা গেছে। হতাহতদের বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের পর প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *