বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কামরুল ইসলাম:

বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচটি অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের।

আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে এবং প্রশাসনের অনুমতি ছাড়াই প্রায় ৭০টি ইটভাটা স্থাপন করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৪২টি ইটভাটা সচল রয়েছে। পূর্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার জরিমানা আরোপ এবং কিছু ভাটা বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হলেও অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগে পরিবেশ অধিদপ্তর মোট ৮টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর মধ্যে ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।

পরোয়ানাভুক্তরা হলেন—
থানচি উপজেলার এমএসবি ভাটার মালিক আনিসুর রহমান সুজন;
আলীকদম উপজেলার এবিএম ইটভাটার মালিক সামছুদ্দিন ও এখলাছুর রহমান;
ইউবিএম ইটভাটার মালিক জামাল উদ্দিন;
এফবিএম ইটভাটার মালিক শওকত তালুকদার;
নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিএম ইটভাটার মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এসব ভাটা থেকে প্রায় ৮০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অন্যদিকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *