স্টাফ রিপোর্টার:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর-৬ আসনের টঙ্গী পূর্ব থানা অন্তর্গত ৪৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ৪৯নং ওয়ার্ডের জাগরণী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল চৌধুরী, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন,
“ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা চক্রান্ত চলছে—তারেক রহমান যেন ক্ষমতায় না আসতে পারেন, সেই ষড়যন্ত্রই এখন প্রধান। ফ্যাসিস্ট হাসিনা জনগণের সম্পদ লুটপাট করে ব্যাংক খালি করে ভারতে পালিয়েছে। তার নিজের স্বীকারোক্তিতেই দেখা গেছে, তার ঘরের পিয়নের সম্পদই ৪০০ কোটি টাকা! তাহলে তার নিজের সম্পদের পরিমাণ কত হতে পারে, সেটি ভাবার বিষয়।”
তিনি আরও বলেন,
“ভালো আওয়ামী লীগার যারা হত্যার সঙ্গে জড়িত নয়, লুটপাট করেনি, জুলুম-নির্যাতনে অংশ নেয়নি—তাদের আমরা সম্মান করি। তারা চাইলে আমাদের সঙ্গে কাজ করতে পারেন। কিন্তু যারা লুটেরা, মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজ, তাদের কোনো জায়গা বিএনপিতে নেই।”
দলীয় শৃঙ্খলার প্রসঙ্গে তিনি বলেন,
“বিএনপি’র কেউ যদি অন্যায় করে, সে রেহাই পাবে না। ইতোমধ্যে বিভিন্ন অভিযোগে সাত হাজারেরও বেশি নেতা-কর্মী দল থেকে বহিষ্কৃত হয়েছে। তাই সবাইকে অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে।”
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন,
“দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবো। জয়ী হয়ে জনগণের পাশে থাকবো, তাদের সমস্যা সমাধান করবো। আপনারা আমার জন্য ঘরে-ঘরে ধানের শীষ মার্কায় ভোট চাইবেন।”
তিনি আরও বলেন,
“বিএনপি ঘোষিত ৩১ দফা কোনো দলের নয়, এটি রাষ্ট্র মেরামতের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে আমরা জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনগণের রাষ্ট্র গড়তে চাই। দেশের চলমান সংকট নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ বাবর আলী, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান, মহানগর যুবদল আহ্বায়ক সাজেদুল ইসলাম, ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাষ্টার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ সুমন, মহানগর বিএনপি নেতা শাহনূর ইসলাম রনি, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাতুল ভূঁইয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।