নিজস্ব প্রতিবেদক:
এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তার দাবি, বর্তমান সরকার বিএনপির সরকার নয়, এটি ‘হাসিনার সরকার’।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে এখন কান্নার রোল শুরু হয়েছে। এ প্রসঙ্গে তিনি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ক্রুশ্চেভের একটি ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতা হারালে সুযোগ-সুবিধা হারানোর আশঙ্কা থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়।
তিনি বলেন, ক্ষমতা চলে গেলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে। তার ভাষ্য, ‘তারেকের যে সরকার, এটা বিএনপির সরকার না, এটা হলো হাসিনার সরকার।’ একই সঙ্গে তারেক রহমান ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অলি আহমেদ আরও বলেন, দেশকে সঠিক পথে আনার লক্ষ্যেই তারা লংমার্চ করছেন। এর পেছনে ক্ষমতা বা ব্যক্তিগত কোনো লোভ নেই বলেও দাবি করেন তিনি।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী লিখল, তা নিয়ে বিভ্রান্ত না হয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি এ সময় নেতাকর্মীদের ‘ঈমানী শক্তিতে বলীয়ান’ হয়ে কাজ করার আহ্বান জানান।