বিনোদন ডেস্ক:
বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা এখনো থামেনি। এবার জানা গেছে, শুধু বিয়ের আয়োজনের অনুমতিপত্র (পারমিট) এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার খরচ বাবদই নিউইয়র্ক সিটিকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের বেশি পরিশোধ করেছেন টেইলর সুইফট। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
শুক্রবার এ তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পারমিট এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনার ব্যয় হিসেবে টেইলর সুইফট আগেই ১ লাখ ৬০ হাজার ডলারের বেশি অর্থ পরিশোধ করেছেন।
মেয়র মামদানি বলেন, “টেইলর সুইফট ইতোমধ্যেই পারমিটের জন্য নির্ধারিত অর্থ পরিশোধ করেছেন। অনুষ্ঠান আয়োজন এবং সেটিকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ও সাড়া দেওয়ার ব্যয় মিলিয়ে এই খরচ ১ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি।”
চলতি মাসে নিউইয়র্কের ম্যানহাটনে দুই দিনব্যাপী আয়োজিত টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়েতে অংশ নেন শত শত তারকা ও বিশিষ্ট অতিথি। অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ম্যাডিসন স্কয়ার গার্ডেন-সংলগ্ন কয়েকটি সড়কও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
যদিও বিয়ের মোট ব্যয় সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে ফোর্বস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুরো আয়োজনের ব্যয় ২ কোটি মার্কিন ডলারেরও বেশি হতে পারে।
এছাড়া একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিয়ের আগে টেইলর সুইফট ও ট্রাভিস কেলস বিভিন্ন দাতব্য সংস্থায় প্রায় ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।
সূত্র: ফোর্বস,