বিশ্বকাপ ছোট করায় আইসিসির সমালোচনায় স্টিভ ওয়াহ

স্পোর্টস ডেস্ক:

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দলসংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ। তার মতে, ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে আরও বেশি দেশকে বড় আসরে খেলার সুযোগ দিতে হবে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। শুরুতে ১৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে সেটি কমিয়ে ১২ দলের করার সিদ্ধান্ত নেয় আইসিসি। র‌্যাঙ্কিংয়ের ১২, ১৩ ও ১৪ নম্বরে থাকা দলকে বাছাইপর্ব খেলতে হবে। সেখান থেকে একটি দল মূল পর্বে জায়গা করে নেবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপের বাছাইপর্বের ফরম্যাট পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেন ওয়াহ। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের মতো সহযোগী দেশগুলোর আপত্তির সঙ্গেও একমত পোষণ করেন তিনি।

আইসিসির এই সিদ্ধান্তকে ‘পশ্চাৎপদ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে ওয়াহ বলেন, ‘এটা একটা পশ্চাৎপদ পদক্ষেপ। ওয়ানডে বিশ্বকাপ ১৪ দল থেকে কমে ১২ দলে নেমে গেল। আমি এর পেছনের যুক্তিটা বুঝতে পারছি না। ফিফার দিকে তাকান, তারা ফুটবল বিশ্বকাপের দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করেছে। অথচ ক্রিকেটে আমরা ভিন্ন পথে হাঁটছি।’

দুইবারের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক আরও বলেন, ‘আমরা যদি খেলাটিকে সত্যিকার অর্থে বৈশ্বিক রূপ দিতে চাই, তাহলে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে এবং অন্য দলগুলোকে উৎসাহিত করতে হবে। উন্নতির একমাত্র উপায় হলো আরও বেশি প্রতিযোগিতা এবং শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ তৈরি করা।’

ওয়াহর মতে, সহযোগী দেশগুলোর নিয়মিত বড় দলের বিপক্ষে খেলার সুযোগ তৈরি হলে তাদের ক্রিকেট আরও শক্তিশালী হবে এবং বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তাও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *