ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় দেশের ক্রিকেটের উন্নয়ন এবং ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো, মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণ এবং বাংলাদেশ ক্রিকেট একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাক স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি কাঠামোর আওতায় এনে ছয় দলের একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে বিসিবি। প্রস্তাবিত এই কাঠামোয় প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেট এবং টি-টোয়েন্টি থাকবে।
প্রস্তাবিত টুর্নামেন্টের প্রতিটি দলের মালিকানাস্বত্ব বাংলাদেশের বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে। নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি ২০২৬ সালের ডিসেম্বরে শুরু করার পরিকল্পনা রয়েছে।
সভায় পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিন দিনের ম্যাচে খেলোয়াড়দের ম্যাচ ফি ৪০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে।