বেপরোয়া গতির বলি তরুণ হেলপার: বরুড়ায় বলাকা বাস খাদে, আহত ১৫

মোঃআনজার শাহ

 

কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়েছে যাত্রীবাহী বলাকা পরিবহনের একটি বাস। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসের তরুণ হেলপার আতিক উল্লাহ (২২)। আহত হয়েছেন ১০ থেকে ১৫ জন যাত্রী।
উপজেলার ফকির মোকাম (হইড়মোম) ব্রিজসংলগ্ন এলাকায় ঝলম থেকে কুমিল্লাগামী বাসটি সড়কের দক্ষিণ পাশের খাদে পড়ে যায়। নিহত আতিক উল্লাহ ঝলম ইউনিয়নের ঝলম মাইজপাড়া গ্রামের অলিউল্লাহর ছেলে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, বাসটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে উল্টে যায়। পথে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতেও ধাক্কা লাগে বলে জানা গেছে।

উদ্ধারে ছুটে আসে এলাকাবাসী
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
বেপরোয়া চলাচলের অভিযোগ
এলাকাবাসীর অভিযোগ, এ রুটে বলাকা ও সিএনজিচালিত যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। যত্রতত্র যাত্রী তুলতে গিয়ে হঠাৎ থামার প্রবণতাও দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তাঁরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত খাদে পড়ে থাকা বাসটি উদ্ধারের তৎপরতা চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *