ঝালকাঠি প্রতিনিধি:
ভারতে রাষ্ট্রীয় মদদে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা সংখ্যালঘু মুসলিমদের হত্যা, নির্যাতন, ঘরবাড়ি ও মসজিদ ধ্বংসের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (জুম্মার নামাজের পর) “তৌহিদী জনতা”-র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হাজারো সাধারণ মুসল্লি অংশ নেন বলে জানা গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদের মুসল্লিরা নলছিটি শহরের মার্চেন্টস স্কুল সড়কে একত্রিত হন।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী, সংবাদকর্মী মু. মুনিরুজ্জামান মুনির, সাইদুর কবির রানা, ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাৎ আলমসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন, নিপীড়ন ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের ঘটনা বন্ধের দাবি জানান এবং ভারত সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় বলে জানা গেছে।