মো. ফয়জুল কবির রাজু:
চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ। এ সময় তাঁর ব্যবহৃত গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে হামলা চালায়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় গাড়িতে থাকা ব্যক্তিরা নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে মতলব উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফরসহ সংগঠনের নেতারা ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁরা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।