মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচলকারী পণ্যবোঝাই ট্রলারডুবি! বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি

মোঃ আব্দুল গফুর সিকদার:

ভোলা জেলার মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচলকারী যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটি প্রবল স্রোতের তোড়ে তজুমুদ্দিন ঘাটের কাছে মেঘনায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রী ও ট্রলারের মাঝিসহ অন্যান্যরা তীরে উঠে গেলেও ট্রলারে বোঝাই মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখের অধিক পণ্যের ক্ষতি হয়েছে বলে জানান ট্রলারের মাঝি।

মঙ্গলবার সন্ধ্যায় তজুমুদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় তজুমুদ্দিনের চৌমুহনী লঞ্চঘাট সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে।

এদিকে বুধবার সকালে ডুবে যাওয়া ট্রলারসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে দৈনিক আলোকিত সকালকে নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মাঝি হিরন।

মাঝি আরও জানান, ফারহান লঞ্চের যাওয়ার সময় তীব্র ঢেউয়ে মালামালবোঝাই ট্রলারটি তীরে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্যসামগ্রী, ১১০ বস্তা চাল এবং ভোজ্যতেলসহ অন্যান্য মালামাল নদীতে তলিয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী অভিযোগ করে জানান, ট্রলারটির ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল নিয়ে তজুমুদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় ট্রলারটি একদিকে কাত হয়ে যায়। পরে মাঝি ট্রলারটিকে ঘুরিয়ে ফের তজুমুদ্দিন ঘাটের কাছে নিয়ে আসার সময় স্রোতের তোড়ে ডুবে যায়।

এক ব্যবসায়ী জানান, ট্রলারে ১২০ বস্তা ব্রয়লার ছিল। এতে তাদের লক্ষাধিক টাকার মালামালসহ ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়।

এই ব্যাপারে তজুমুদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করছেন।

এই ব্যাপারে মনপুরা উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু মুছা জানান, তজুমুদ্দিনের মেঘনায় ট্রলারডুবির ঘটনায় মনপুরার ব্যবসায়ীদের মালামালের ক্ষতি হওয়ার খবর পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *