মোঃ আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাতে পরিচালিত এ অভিযানে মনপুরা থানা পুলিশের একটি চৌকস দল ৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) ইব্রাহিম নয়নের নেতৃত্বে এএসআই মিজান ও সঙ্গীয় ফোর্স রাত আনুমানিক ৯টার দিকে ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদারহাট-তালতলা সড়কের জাহাঙ্গীর মিধার মুদি দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রাজিব (২২) নামে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব জানান, মজিরউদ্দিন ওরফে মজনু দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালকদের মাধ্যমে মনপুরার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন।
পুলিশ জানায়, রাজিবকে আটকের পর মজিরউদ্দিন একাধিকবার ফোন করে মাদক যথাযথভাবে পৌঁছেছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। পরে রাজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কৌশলগত অভিযান চালিয়ে ফকিরহাট বাজার এলাকা থেকে মাদক চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত মজিরউদ্দিন (৩০)-কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, “অবৈধ মাদকের বিস্তার রোধ করে যুবসমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সচেতন জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।