বিনোদন ডেস্ক:
ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’। নব্বইয়ের দশক থেকে অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসা এই অভিনেতা সম্প্রতি জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের কাজ শেষ করেছেন। এর পরই সামনে এলো তার নতুন সিনেমার খবর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বুকারজয়ী ভারতীয় লেখক অরবিন্দ আদিগার একই নামের আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’।
বেন রেখি পরিচালিত সিনেমাটিতে মনোজ বাজপেয়ীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত। ছবিটি পরিবেশনা করছে দক্ষিণ ভারতীয় তারকা রানা দাগ্গুবাতির প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্পিরিট মিডিয়া’। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজারও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ‘মাস্টারজি’ নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ঘিরে। আবাসন সংকটের পাশাপাশি জীবনে বড় পরিবর্তনের প্রলোভনের মুখে পড়ে যখন তার চারপাশের মানুষ নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলতে শুরু করে, তখনও নিজের নীতিতে অটল থাকেন তিনি।
ব্যক্তিগত আদর্শ ও পরিস্থিতির প্রলোভনের দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। এর মধ্য দিয়ে সাধারণ মানুষের সম্পর্কের টানাপোড়েন, মূল্যবোধের সংকট এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
‘সালাম বোম্বে’ ও ‘দ্য নেমসেক’ খ্যাত সুনি তারাপোরওয়ালা উপন্যাসটির চিত্রনাট্য রূপান্তর করেছেন। সংলাপ লিখেছেন ‘পিকু’ ও ‘অক্টোবর’ সিনেমার চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী।
এ ছাড়া সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন তামিল সিনেমা ‘৯৬’ খ্যাত সংগীত পরিচালক গোবিন্দ বসন্ত। শক্তিশালী অভিনয়শিল্পী, সাহিত্যনির্ভর গল্প ও ভিন্নধর্মী নির্মাণের কারণে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ নিয়ে ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।