মাদকমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

অনলাইন জুয়া, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সমাজসেবা, মানবাধিকার রক্ষা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার সমাজের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজের একটি অংশ অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিক, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্মাননা গ্রহণকারী আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা, পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব, দৈনিক ভোরের আওয়াজের সিনিয়র স্টাফ রিপোর্টার, ঢাকা এবং অনলাইন টিভি নিউজ ২৪ কল্লোল, ঢাকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও আবুল কালাম আজাদের রয়েছে দীর্ঘদিনের সম্পৃক্ততা। তিনি শায়রা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা, চাঁদপুর সদর-এর কার্যকরী উপদেষ্টা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটি চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং জিয়া মঞ্চ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি চাঁদপুর ‘ল’ কলেজ ছাত্রদল চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে বক্তারা আবুল কালাম আজাদের দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও সাংবাদিকতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় কাজ করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। এ ধরনের কর্মকাণ্ডে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের সম্মাননা প্রদান অন্যদেরও সামাজিক কাজে উৎসাহিত করবে।

সম্মাননা স্মারক গ্রহণের পর আবুল কালাম আজাদ বলেন, সমাজ থেকে অনলাইন জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি মানবাধিকার, সমাজসেবা ও পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *