১৪ নভেম্বর কুমিল্লায় ফুটবল মহারণ: আদর্শ সদর-চান্দিনার শিরোপা লড়াই, উপস্থিত থাকবেন গৃহায়ন ও ক্রীড়া মন্ত্রী

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়ায় পর্দা নামতে যাচ্ছে এ.কে.এম. আবু তাহের ফাউন্ডেশন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড মেগা ফাইনাল, যেখানে শিরোপার মর্যাদাপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হবে আদর্শ সদর ও চান্দিনা উপজেলা।

আগামী শনিবার বিকেল ৩টায় বরুড়ার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে গড়াবে এই ফাইনাল। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

দুই মন্ত্রীর উপস্থিতি আয়োজনটিকে করেছে আরও মর্যাদাপূর্ণ, আর স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মনে বাড়িয়েছে উৎসাহ-উদ্দীপনা।
টাইব্রেকারের নাটকীয়তা পেরিয়ে ফাইনালে দুই দল
সেমিফাইনালে টাইব্রেকারে বরুড়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আদর্শ সদর উপজেলা। অন্যদিকে সদর দক্ষিণকে টাইব্রেকারে পরাজিত করে চূড়ান্ত পর্বে পৌঁছেছে চান্দিনা উপজেলা।
দুই দলই স্নায়ুর চাপের কঠিন পরীক্ষায় উতরে এসেছে। এখন অপেক্ষা শেষ লড়াইয়ের কাঙ্ক্ষিত ট্রফি কার হাতে উঠবে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই দলের সমর্থক ও ফুটবলপ্রেমীরা।

মরহুম এ.কে.এম. আবু তাহেরের নামে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশ, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে, করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আয়োজন করেছে চক্ষু শিবির। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হয়েছে খেলাধুলার আয়োজন।

ফুটবলের সৌন্দর্য, প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ, দর্শকদের উচ্ছ্বাস আর দুই উপজেলার শ্রেষ্ঠত্বের লড়াই সব মিলিয়ে ১৪ নভেম্বরের ফাইনাল ক্রীড়াপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
কাঙ্ক্ষিত শিরোপা জয়ের মধ্য দিয়ে কোন উপজেলা শেষ হাসি হাসবে, সেই অপেক্ষায় এখন পুরো ক্রীড়াঙ্গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *