মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান পরিচালনাকালে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযানে ৬০৭ (ছয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ (দুই) জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ফারিহা রফিক ভাবনার নির্দেশনায় এবং মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মহসীন, এসআই (নিঃ) মেহেদী হাসান, এসআই (নিঃ) রমজান আলী সজল, এএসআই (নিঃ) মনিরুজ্জামান, এএসআই (নিঃ) মানোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গত ৫ জুন ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মাদারীপুর জেলার সদর মডেল থানাধীন কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় জনৈক রহমান বেপারীর বাড়ির সামনে রাস্তার ওপর থেকে আসামি মোঃ এনায়েত বেপারী (৩০), পিতা- আব্দুর রহমান বেপারী, মাতা- ছকিনা বেগম, সাং- রাজধরদী এবং তাইজুল ইসলাম (৩২), পিতা- কালু বেপারী, সাং- দিয়াপাড়া, উভয় থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরকে আটক করা হয়।

আসামিদের দখল হতে সর্বমোট (৫০০+১০৭)=৬০৭ (ছয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১,৮২,১০০/- (এক লক্ষ বিরাশি হাজার একশত) টাকা এবং ইয়াবা বিক্রির নগদ ৯,৬১০/- (নয় হাজার ছয়শত দশ) টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১০(ক)/৪১ মোতাবেক একটি মামলা রুজু করা হয়েছে।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *