খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চার সদস্য আহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ডের হারবাইদ নন্দীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—নন্দীবাড়ি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৩৮), তার মা জাহানারা বেগম (৫৫), স্ত্রী আখি আক্তার (২৭) ও হাবিব হোসেন (১১)। তাদের মধ্যে গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর আলম জানান, প্রতিবেশী আলতাফ ভেন্ডার, তার ছোট ভাই সোহরাব ও ইসলাম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
এ সময় জাহাঙ্গীর আলম, তার মা, স্ত্রী ও সন্তান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। জাহাঙ্গীর আলম আরও জানান, হাসপাতালের চিকিৎসা শেষ করে থানায় অভিযোগ করবেন। আহত জাহাঙ্গীরকে দেখতে মেডিকেলে ছুটে যান ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন সরকার। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।