মায়ের সুস্থতা আমাদের অঙ্গীকার: ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মা দিবস উদযাপিত

গাজী মামুন:

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মায়ের সুস্থতা, আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১০ মে) হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

দিনব্যাপী এই আয়োজনের উল্লেখযোগ্য অংশ ছিল হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ মায়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং তাঁদের হাতে বিশেষ উপহার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া। প্রসূতি মায়েদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সঠিক জীবনযাপন বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

সকালে হাসপাতালের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এছাড়া মায়েদের মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে হাসপাতালে একটি সুসজ্জিত ‘ফটো কর্নার’ স্থাপন করা হয়।

মা দিবস উপলক্ষে সকল মায়েদের জন্য বহির্বিভাগ (OPD) টিকিটে ৫০% ছাড় এবং সকল প্রকার প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষার ওপর ৩০% বিশেষ ছাড় ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক কর্নেল ডা. সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী (অবঃ) বলেন, “একজন মা শুধু একটি পরিবারের ভিত্তি নন, বরং তিনি পুরো সমাজের শক্তির উৎস। মায়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের এই আয়োজনের প্রধান লক্ষ্য।”

ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এই উদ্যোগের প্রশংসা করে জানান, আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

হাসপাতালের এই বিশেষ উদ্যোগটি রোগী, স্বজন ও স্থানীয় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উপস্থিত অনেকে মন্তব্য করেন যে, বেসরকারি হাসপাতালের এমন মানবিক আচরণ ও সেবা প্রদানের মানসিকতা সাধারণ মানুষের মনে আস্থার সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *