এন আলম রাসেল চৌধুরী:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় অটোরিকশাটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অন্য নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় আহত আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার জানান, “আমি চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে উদ্ধারকাজে অংশ নিই। ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত খবর দেওয়া হয়। দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।”
হাইওয়ে পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।