মোহাম্মদ হোসেন সুমন:
আসন্ন মে দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের রেস্তোরাঁ শ্রমিকরা ১ মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কক্সবাজার জেলা হোটেল শ্রমিক দল।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও বিভিন্ন দাবির প্রেক্ষিতে এই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্ব তুলে ধরতে এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রোকনুজ্জামান আইয়ুব, সাবেক সভাপতি সিরাজুল হক সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ রেজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক ও মোহাম্মদ শফি, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি আবু সৈয়দ, সহ-সভাপতি মো. মুসা ফারুক বাবুর্চি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রমিক নেতারা আরও জানান, মে দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন ও হোটেল মালিক সমিতির কাছে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত হোটেল মালিক সমিতির পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ১ মে কর্মবিরতির দিনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার হোটেল মালিক সমিতিকেই বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।