স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ীর দেইলা-লোহারপুর প্রধান সড়কের পাশে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির চাল ও আটা নির্ধারিত মূল্যে বিক্রি না করে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডিলার দেলোয়ারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত স্থানে ওএমএসের চাল ও আটা বিক্রির জন্য ট্রাক নিয়ে আসার কথা ছিল ডিলারের। কিন্তু রোববার দুপুর ১২টার মধ্যেই ডিলার দেলোয়ার ট্রাকটি নিয়ে ওই স্থান থেকে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারি মূল্যে চাল ও আটা কিনতে আসা নিম্নআয়ের মানুষজন ভোগান্তিতে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে ওএমএসের চাল ও আটা বিক্রি না করে তা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে ডিলার দেলোয়ারের বক্তব্য জানা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে জানতে দেলোয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সংশ্লিষ্ট এআরও শহিদুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি পাশে পাশে আছি, বিষয়টি দেখছি।’
ওএমএস কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রি করা হয়। ফলে নির্ধারিত স্থানে পণ্য সরবরাহ ও সঠিকভাবে বিক্রি না হলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।
স্থানীয়দের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে দেখা হোক। সরকারি খাদ্যপণ্য নির্ধারিত নিয়মে বিক্রি না করে অনিয়ম বা কালোবাজারির কোনো ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।