মোঃআনজার শাহ
কুমিল্লায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক সাংবাদিককে জোরপূর্বক তুলে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে জেলার সাংবাদিক মহলে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) বেলা ১১টা ৫৫ মিনিটে কুমিল্লায় কর্মরত বাংলাদেশ পোস্ট ও বাংলাবাজার পত্রিকা–এর কুমিল্লা প্রতিনিধি খন্দকার দেলোয়ার হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১০-২৭৯৭৪১–এ ০১৯৭০-৭৭৬৫২৩ নম্বর থেকে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রথমে সাংবাদিক খন্দকার দেলোয়ারের অবস্থান জানতে চাওয়া হয়।

একপর্যায়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হবে এবং ব্যাপক মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়। হুমকিমূলক বক্তব্যের পরপরই কলটি কেটে দেওয়া হয়। পরে খন্দকার দেলোয়ার ওই নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কল রিসিভ করা হয়নি।
ঘটনার পর দুপুরে তিনি কুমিল্লা প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। পরে এ ঘটনায় ০১৯৭০-৭৭৬৫২৩ নম্বর উল্লেখ করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
থানা সূত্রে জানা গেছে, অভিযোগটির তদন্তভার এসআই বীরঙ্গ চন্দ্র মণ্ডলকে প্রদান করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, সাংবাদিককে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় কুমিল্লার সাংবাদিক সমাজ তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।