রাজধানীর মিরপুরে পর পর দুইটি ককটেল বিস্ফোরণ: দগ্ধ ১ জন

মোঃ সোহেল রানা:

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছোড়া পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় পাপন (২০) নামে এক কুরিয়ার সার্ভিস কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মিরপুর-১১ নম্বর সেকশনে পল্লবী থানাধীন এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এসে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেন। পরে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। প্রথম ককটেল নিক্ষেপের পর দ্বিতীয়টি বিস্ফোরিত হলে সেখানে উপস্থিত পাপনের শরীরে আগুন ধরে যায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

ঘটনার পরপরই স্থানীয়রা দগ্ধ পাপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ব্যস্ত আবাসিক ও বাণিজ্যিক এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

পুলিশের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *