বান্দরবানের সরকারি প্রকল্পে অনিয়মের মহোৎসব

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ২ (দুই) কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দুই তলা গুদামঘর নির্মাণকাজে শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়ভাবে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, পাহাড়ি অঞ্চলের নরম মাটিতে পাইলিংয়ের মতো গুরুত্বপূর্ণ নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে সাঙ্গু নদীর ভরাট বালু এবং মানহীন ‘২ নম্বর পাথর’। সাধারণত সরকারি নির্মাণ প্রকল্পে নির্ধারিত মানসম্পন্ন বালু ও পাথর ব্যবহারের নিয়ম থাকলেও এখানে তা উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আরও অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়নকালে বিএডিসির সহকারী প্রকৌশলী সরেজমিনে উপস্থিত থেকে কাজ পর্যবেক্ষণ করলেও নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিয়ম অনুযায়ীই কাজ করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম হয়নি।

তবে স্থানীয়দের অভিযোগ, বিএডিসির সহকারী প্রধান প্রকৌশলী ফয়েজ মাহমুদের উপস্থিতিতেই ঠিকাদার প্রতিষ্ঠান সাঙ্গু নদীর ভরাট বালু ও নিম্নমানের পাথর ব্যবহার করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগকারীদের মতে, প্রশাসনের চোখের সামনে এমন অনিয়ম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, সরকারি কোটি কোটি টাকার প্রকল্পে এ ধরনের অনিয়ম চলতে থাকলে ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, সচেতন মহল মনে করছে, এ ধরনের অনিয়ম যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তা শুধু আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপরও প্রশ্ন তুলবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। পাশাপাশি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *